রিজার্ভ থেকে কোনো অর্থ খরচ না করেই দুই মাসে ১.৮ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে তেল, গ্যাস, সারসহ দরকারি পণ্য আমদানিতে।
শনিবার বেসরকারি একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি জানান, ডিসেম্বরের মধ্যে সব দায় মেটানোর পর আরও ইতিবাচক ধারায় ফিরবে অর্থনীতি। এসময় তিনি বিনিয়োগ, প্রবৃদ্ধি নিয়ে এই মুহূর্তে চিন্তা না করে ধৈর্য ধরার পরামর্শ দেন।
আহসান এইচ মনসুর বলেন, আড়াই বিলিয়ন ডলারের মতো অনাদায়ী, অনিষ্পন্ন দায় ছিল সরকারের। সেটা ইতোমধ্যে আমরা কমিয়ে ৭০০ মিলিয়নে নিয়ে এসেছি।
তিনি বলেন, সারের জন্য প্রচুর টাকা দেয়া হয়েছে, বিদ্যুতের জন্য দেয়া হয়েছে, আদানি-শেভরনকে দেয়া হয়েছে। সবার দেনাটা কিছুটা কমিয়ে আনা হয়েছে। আমাদের লক্ষ্য আগামী দুই মাসের মধ্যে দেনা জিরোতে নামিয়ে আনব। তখন বাজারে লিকুইডিটিটা আরও বাড়বে।
গভর্নর আরও বলেন, এসব বকেয়া পরিশোধের পর, চাপ কমবে আর্থিক ব্যবস্থাপনায়। যা গতি বাড়াবে সার্বিক কর্মকাণ্ডে। একই সঙ্গে, প্রস্তুতি চলছে বিভিন্ন সংস্থার কাছ থেকে আরও প্রায় ১০ বিলিয়ন ডলার ঋণ সংগ্রহের।

0 Comments